পাননি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

নেত্রকোণার কেন্দুয়ায় গলায় ফাঁস দিয়ে মৌ (১৯) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ জুন) বিকালে কমলপুর নিউটাউন নিজ ঘরের শয়ন কক্ষে ফ্যানের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মৌ ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে। এবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অংশগ্রহণ করেন তিনি। কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। মৌ কেন্দুয়া পৌরসভার নিউটাউন গ্রামের কবির উদ্দিন তালুকদারের মেয়ে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌ আক্তার তার বাবার সাথে ঢাকায় থাকতেন। সেখানে সিদ্ধেশ্বরী স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এইচএসসি পাশ করেন। এ বছর তিনি বিশ্ববিদ্যালযয়ে ভর্তি ইচ্ছুক ছিলেন। কিন্তু কোথাও ভর্তি সুযোগ না পেয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এর আগে এসএসসি পরীক্ষা দেওয়ার সময় তার মা মারা যান। এরমধ্যে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। কোরবানি ঈদের আগে তার বাবা ও পরিবারের সবাই একসাথে ঈদ উদযাপন করার জন্য কেন্দুয়ার বাসায় যান। ঈদের পর বাবা ও তার সৎ মা ঢাকায় ফিরেন। আর মৌ কেন্দুয়ায় বড় বোন ও ছোট ভাইয়ের কাছে থেকে যান। 

বুধবার দুপুরে গোসল করে মৌ তার শয়ন কক্ষে যান। দুপুর শেষে বিকেল হয়ে আসলে খাওয়া-দাওয়া না করায় তার ছোট ভাই তাকে খাবারের জন্য ডাক দিতে যান। কোনো সাড়াশব্দ না পেয়ে তার শয়ন কক্ষে গিয়ে দেখে রুমের ফ্যানের সাথে নিজের ওড়না দিয়ে পেছিয়ে আত্মহত্যা করেছেন। পরে তাকে প্রতিবেশীদের সহায়তায় নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে সুরত হালের প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে যায়।

কেন্দুয়া থানার উপ পরিদর্শক আলিমুল রাজি জানান, কমলপুর নিউটাউন এলাকার মৌ নামের এক মেয়ে আত্নহত্যার করেছে। মরদেহ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে।