একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়া নতুন কিছু নয়। বিনোদন দুনিয়ায় এমনটা অহরহ হয়ে থাকে। তবে কেউ কেউ সেটা প্রকাশ্যে আনতে চান না। অনেক দিন ধরেই গুঞ্জন, অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় প্রেম করছেন। সম্পর্কের প্রথম দিন থেকেই তারা খবরের শিরোনামে। এরপর নানা কারণে এই গুঞ্জন ক্রমশ বেড়ে চলে। প্রণয় যে ক্রমশ পরিণয়ের দিকে গড়াচ্ছে, সেই আভাসও মিলছিলো। শুরুতে শোভন অস্বীকার করে এবং সোহিনী মুখে কুলুপ আঁটে।
নতুন খবর হলো, সব ঠিক থাকলে নাকি ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন তারা। যদিও দুজনের কেউই এখনও এই বিষয়ে মুখ খুলেননি। বরং তারা এখন ব্যস্ত শপিংয়ে।
একাধিক সূত্র বলছে, গায়কের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বলে নায়িকা নাকি এরমধ্যে প্রথম সারির অলঙ্কার বিপণী থেকে সোনার গয়না কিনেছেন। এ-ও শোনা গেছে, বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে তারা নতুন ফ্ল্যাটও কিনেছেন।
সম্প্রতি, সোহিনী-শোভন একসঙ্গে বিদেশে ঘুরে এসেছেন, সে খবরও সত্যি। সোশ্যালে আলাদা ভাবে ছবি প্রকাশ করলেও তাদের ছবির পটভূমিকা এক, সেটাও আজকাল বেশ স্পষ্ট। এমনকি গায়কের অনামিকায় বাগদানের আংটিও দেখা গিয়েছিল।
গুঞ্জন ছড়িয়েছিল, বিদেশে নাকি বাগদান সেরে এসেছেন তারা। তার পর থেকেই বিয়ের রটনা জোরালো।