গাজীপুরের শ্রীপুরে একটি বাড়ি থেকে মীম আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্বাসরোধে ওই নারীকে হত্যার কথা স্বীকার করে স্বামীর লেখা একটি চিরকুট পাওয়া গেছে মরদেহের পাশে।
আজ বুধবার (২৬ জুন) দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের আবদুস সামাদের বহুতল ভবনের তিনতলার একটি কক্ষ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের স্বামীর নাম আল আমীন মিয়া। সে পাশের টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কালাই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। নিহত মীম আক্তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খাইয়া ছোটপাড়া গ্রামের ইউসফ আলীর মেয়ে। ছয় মাস আগে আল আমীন ও মীম আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। তারা মাওনা এলাকায় ভাড়ায় থেকে পোশাক কারখনায় চাকরি করতেন।
আল আমীন তার মায়ের কাছে চিরকুটে (চিঠি) লিখে, মা আমাকে মাফ কইরা দিও। মা আমি একাই মরতাম। কিন্তু তাকে বাঁচাইয়া রাইলে অনেক মানুষের জীবন নষ্ট করইরা দিবো। তাই তাকে মাইরা ফেললাম। অনেক স্বপ্ন ছিল রাসুলের সব সুন্নত আমার জীবনে বাস্তায়ন করমু, কিন্তু পারলাম না।’ চিরকুটের শেষে আল আমীন তার মায়ের ও শাশুড়ির ফোন নাম্বার লিখে রাখেন।’
মাওনা ইউনিয়ন পরিষদ সদস্য (১ নম্বর ওর্য়াড) শামীম মৃধা জানান, তালাবদ্ধ একটি কক্ষ থেকে নারীর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। পরে পুলিশ লাশ মর্গে পাঠিয়ে দিয়েছে। নিহতের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল আসছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর মডেল থানার (ওসি) আকবর আলী খান বলেন, খবর পেয়ে পুলিশ একটি তালাবদ্ধ কক্ষ থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে। ওই নারীকে শ্বাসরোধ করে মারা হয়েছে এটা নিশ্চিত হওয়া গেছে। পুলিশ মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। স্বামী পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে পারলে খুনের আসল রহস্য বের করা সহজ হবে।