ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তি বাতিলে নোটিস

বাংলাদেশ-ভারত রেল ট্রানজিট সমঝোতা চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিস দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই শিক্ষার্থীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেল, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও আইন সচিবের উদ্দেশে এ নোটিস পাঠান।  বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও ভবিষ্যতে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সংঘাত এড়াতে এই নোটিস পাঠানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়, ‘বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের রেল ট্রানজিট-সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের “ব্যালান্স অব পাওয়ার” নীতি হুমকির মুখে পড়েছে। ফলে ভারতের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণœ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সংঘাতের ঝুঁকি দেখা দিয়েছে।’

নোটিসে আরও বলা হয়, ‘ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর অবস্থা স্বাভাবিক নয়। রাজ্যগুলোয় বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, যারা ভারত থেকে স্বাধীনতা চায়। এ ছাড়া ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে চীনের সঙ্গে ব্যাপক বিবাদ রয়েছে। এসব কারণে ভারতের মূল ভূখ- থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় দ্রুত সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য বাংলাদেশের রেল ট্রানজিট প্রয়োজন। ভারত তার সামরিক সরঞ্জাম পাঠানোর নিরাপদ রাস্তা হিসেবে বাংলাদেশের রেল ট্রানজিট ব্যবহার করতে চাইছে।’

নোটিসে সাত দিনের মধ্যে এই রেল ট্রানজিট সমঝোতা চুক্তি বাতিলের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট মামলা করা হবে বলে জানান নোটিসকারী আইনজীবী।