দেশের কোথাও বজ্রসহ বৃষ্টি আবার কোথাও তাপপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, দেশের ১৫টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। পাশাপাশি দেশের আটটি বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, টাঙ্গাইল, যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, কুষ্টিয়া, লালমনিরহাট ও কুঁড়িগ্রাম জেলা এবং রাজশাহী বিভাগের ৮টি জেলাসহ মোট ১৫টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামীকাল সেটি সামান্য হ্রাস পেতে পারে এবং পরশু এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।
এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায় ৬৪ মিলিমিটার।