মদ নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লি আদালতের চত্বর থেকে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (সিবিআই) হাতে ফের গ্রেপ্তার হওয়ার পর এবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে ভারতের আম আদমি পার্টি (এএপি) নেতা এবং দিল্লি অঞ্চলের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
দেশটির তদন্তকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত কেজরিওয়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গতকাল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় কেজরিওয়ালকে। তবে আদালত তাঁকে জিজ্ঞাসাবাদ শুরুর অনুমতি দেওয়ার পরই সিবিআই তাঁকে গ্রেপ্তার করে।
গত বৃহস্পতিবার দিল্লির রাউজ অ্যাভিনিউয়ের জেলা আদালত কেজরিওয়ালকে জামিন দিয়েছিল। শনিবার তিহার কারাগার থেকে তার মুক্তির কয়েক ঘণ্টা আগে ইডি তার জামিন আটকাতে হাই কোর্টের দারস্থ হয়। তাদের যুক্তি শুনে দিল্লি হাই কোট এক মৌখিক আদেশে কেজরিওয়ালের জামিন স্থগিত করে।
পুনরায় কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে তার আইনজীবীরা। তারা সিবিআইয়ের হাতে কেজরিওয়ালের গ্রেপ্তারির বিরোধিতা করে আদালতে বলেন, ‘কেন্দ্রীয় সংস্থা পক্ষপাতদুষ্ট কাজ করছে।‘
এদিকে মামলায় হঠাৎ করে সিবিআই জড়িত হওয়াকে ভালোভাবে দেখছেনা কেজরির পরিবার। তার স্ত্রী এই পুরো বিষয়টিকে একটি স্পষ্ট চক্রান্ত বলে অভিযোগ করেছেন। কেজরির গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনায় তার স্ত্রী অভিযোগ করেছেন যে "পুরো সিস্টেম" কেজরিওয়ালকে কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, “পুরো সিস্টেমটি নিশ্চিত করার চেষ্টা করছে যে লোকটি যেন কারাগার থেকে বের হয়ে না আসে। এটি একনায়কত্ব নয়, জরুরি অবস্থা।“