মির্জা ফখরুলের প্রশ্ন

পৃথিবীর কোন দেশ বন্ধু রাষ্ট্রের নাগরিকদের হত্যা করে? 

পৃথিবীর কোন দেশ আছে যে সীমান্তে তার বন্ধু দেশের নাগরিকদের হত্যা করা হয় বলে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উদ্দেশে এ প্রশ্ন করেন।

মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি ও সমঝোতা করা হচ্ছে, এর কোনটাই বাংলাদেশের পক্ষে নয়। পররাষ্ট্রমন্ত্রী আমাদের ছবক দেন যে— আমরা নাকি চুক্তি আর সমঝোতার মাঝে পার্থক্য বুঝি না। আমাদেরকে তিনি পরামর্শ করার জন্য পরামর্শ দেন। আমি উনার কথা উত্তর দিতে চাই না। আমি শুধুমাত্র একটা কথাই বলতে চাই দেশের সাথে বেইমানী করবেন না। মানুষকে বোকা বানিয়ে তাদেরকে ভুল বুঝিয়ে এমন চুক্তি ও সমঝোতা সই করবেন না যেগুলোর আমার জনগণের স্বার্থের বিরুদ্ধে। 

সরকারের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, কী এনেছেন এবার ভারত থেকে? পানির কথা কোথাও নেই, যেটা আছে সেটা ভয়াবহ। সেটা হচ্ছে তিস্তা চুক্তির জন্য ভারতে ভালো প্রস্তাব দিয়েছে, চীনও দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, দুটোর মধ্যে দেখব কোনটা ভালো হয়। আবার এ-ও বলেছেন, ভারত যে প্রস্তাব দিয়েছেন ভারতকে যদি কাজটা দেই, তাহলে পানির সমস্যার সমাধান হয়ে যাবে। বাংলাদেশকে পুরোপুরি ভারতের কাছে জিম্মি করে দিচ্ছেন।

সীমান্ত হত্যা প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, প্রতিদিন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হয়। গতকালও হত্যা করা হয়েছে। এই বিষয়ে আপনারা (সরকার) একটা কথাও বলেননি। আমাদের সরাসরি প্রশ্ন আপনাদের কাছে, পৃথিবীতে কোন দেশ আছে, বন্ধু দেশ, একেবারে এতো বন্ধু যে সম্পর্ক নাকি স্বামী-স্ত্রীর মতো, তাহলে কোন দেশ আছে যার সীমান্তে বন্ধুরা গুলি করে আমাদের নাগরিকদের হত্যা করে। এই বিষয়গুলির জবাব দিতে হবে।