গরমে মাথা আর পা গলে যাচ্ছে আব্রাহাম লিংকনের!

চলতি বছর সারাবিশ্ব জুড়েই বেশ তাপপ্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েকদিন ধরে সেখানে তীব্র তাপপ্রবাহ পরিলক্ষিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতেও। আর তাতেই দেখা দিয়েছে বিপত্তি।

অতিরিক্ত গরমে গলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটি মোমের ভাস্কর্য। ৬ ফুট লম্বা এ ভাস্কর্যটি ওয়াশিংটন ডিসিতে ক্যাম্প বার্কারে তৈরি করা হয়েছিল। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে বাড়ছে তাপমাত্রা। একদিন তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। এতে করে ক্যাম্প বার্কারে অবস্থিত মোমের ভাস্কর্যটি গলে যায়। আমেরিকান গৃহযুদ্ধের সময় ক্যাম্প বার্কারে একটি শরণার্থী ক্যাম্প খোলা হয়েছিল। যেখানে আশ্রয় দেওয়া হয়েছিল দাসত্ব থেকে মুক্তি পাওয়া আফ্রিকান আমেরিকানদের।

ভাস্কর্যটি ভার্জিনিয়ার শিল্পী স্যান্ডি উইলিয়ামসের তৈরি। তিনি মোমের বেশ কয়েকটি ভাস্কর্য তৈরি করেছিলেন যার সিরিজের অংশ হিসাবে গ্যারিসন এলিমেন্টারি স্কুলের বাইরে এটি স্থাপন করা হয়েছিল।

বিবিসি জানায়, গরমের কারণে প্রথমে ভাস্কর্যটি মাথা গলে পড়ে, এরপর এটির একটি পা গলে যায়। তবে ইতিমধ্যে এটি ঠিক করার কার্যক্রম শুরু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যেখানে ভাস্কর্যটি তৈরি করা হয়েছিল সেখানে চলতি সপ্তাহে আরেকটি রেপ্লিকা ভাস্কর্য স্থাপন করা হবে।