অস্ত্রোপচার শেষে হাসপাতাল ছাড়লেন লালকৃষ্ণ আদভানি

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানিকে বৃহস্পতিবার নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতাল (এইমস) থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল বুধবার (২৬ জুন) রাতে ৯৬ বছর বয়সী এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছিলেন বিজেপির প্রবীণ নেতা স্থিতিশীল এবং পর্যবেক্ষণে রয়েছেন। ইউরোলজি, কার্ডিওলজি এবং জেরিয়াট্রিক মেডিসিনসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার অবস্থা মূল্যায়ন করেছে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিজেপি নেতার সামান্য অস্ত্রোপচার হয়েছে।

এইমসের এক কর্মকর্তা বলেন, বার্ধক্যজনিত সমস্যার জন্য আদভানিকে ভর্তি করা হয়েছিল। তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কে এই লালকৃষ্ণ আদভানি

১৯২৭ সালের ৮ নভেম্বর পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেন আদভানি। ১৯৮০ সাল থেকে তিনি বিজেপির সভাপতি পদে ছিলেন। প্রায় তিন দশকের রাজনৈতিক ক্যারিয়ারে বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৯৯ থেকে ২০০৪ সালের মধ্যে অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রীও হন আদভানি।

চলতি বছরের ৩০ মার্চ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু মর্যাদাপূর্ণ ভারতরত্ন দিয়ে আদভানিকে সম্মানিত করেন। সে সময় প্রেসিডেন্ট মুর্মু তার বাসভবনে গিয়ে এই সম্মান তুলে দেন।