বিশ্বের বাসযোগ্য ১৭৩টি শহরের তালিকায় দুই ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকার। গত বছর এই তালিকায় ১৬৬তম স্থানে থাকলেও চলতি বছর ঢাকার অবস্থান ১৬৮তম।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ প্রকাশিত হয়।
বাসযোগ্যতার তালিকা তৈরির সময় পাঁচটি মাপকাঠিকে বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে আছে স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ শিক্ষা ও অবকাঠামো। তালিকায় সবচেয়ে বাসযোগ্য শীর্ষস্থানীয় শহরগুলোর মধ্যে রয়েছে ভিয়েনা (অস্ট্রিয়া), কোপেনহেগেন (ডেনমার্ক), জুরিখ (সুইজারল্যান্ড), মেলবোর্ন (অস্ট্রেলিয়া), ক্যালগেরি (কানাডা), জেনেভা (সুইজারল্যান্ড), সিডনি (অস্ট্রেলিয়া), ভাঙ্কুভার (কানাডা), ওসাকা (জাপান) ও অকল্যান্ড (নিউ জিল্যান্ড)।
শীর্ষ দশের মধ্যে এশিয়ার একমাত্র শহর জাপানের ওসাকা, যার অবস্থান নবম। ওসাকার পয়েন্ট ৯৬, আর ঢাকার পয়েন্ট ৪৩।
ঢাকার পরে আছে করাচি (পাকিস্তান), লাগোস (নাইজেরিয়া), আলজিয়ারস (আলজেরিয়া), ত্রিপোলি (লিবিয়া) ও দামাসকাস (সিরিয়া)।