ভারতের সঙ্গে চুক্তিতে বাংলাদেশ লাভবান হবে না: গণতন্ত্র মঞ্চ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের মধ্যে যেসব চুক্তি হয়েছে তার কোনোটাই বাংলাদেশকে লাভবান করবে না বরং বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলবে বলে জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

তারা বলেছেন, বাংলাদেশের জনগণ কোনোভাবেই নিজের অর্থ খরচ করে পরের জন্য এই ঝুঁকি নিতে পারে না। একইসঙ্গে সার্বভৌমত্ব বিরোধী, অসম চুক্তির প্রতিবাদে আগামী ৫ জুলাই সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে মঞ্চ।

আজ বৃহস্পতিবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের তোপখানা রোডের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মঞ্চের নেতারা।

নেতৃবৃন্দ বলেন, ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক বিকাশকে রুদ্ধ করতে চায়। কারণ দক্ষিণ এশিয়াকে একটা পিপলস ফেডারেশন ইউনিয়নে পরিণত করার ক্ষেত্রে স্বাধীন ও স্বনির্ভর বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিন্তু ভারত তা হতে দিতে চায় না। এজন্যই তারা সার্ককে পরিকল্পিতভাবে অকার্যকর করে রেখেছে। আমরা ট্রান্স-এশিয়ান কানেকটিভিটিকে কার্যকর করার পক্ষে কিন্তু শুধুমাত্র ভারতীয় স্বার্থ রক্ষার একপাক্ষিক এই ধরনের উদ্যোগে আশঙ্কা প্রকাশ করছি।

তারা বলেন, দেশের মর্যাদা কে ভূলণ্ঠিত করে সরকার যে সকল অসম চুক্তি করছে সেটার তো একটা বিনিময় আছে, এই চুক্তির বিনিময়ে তারা গদিতে থাকতে চান। ভারতকে নানাভাবে ট্রানজিট-করিডোর কিংবা সমুদ্র বিজ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ গবেষণা, ইত্যাদি চুক্তির নামে প্রকারান্তরে মংলা বন্দর ভারতের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান। উদার ভাবে ভারতকে সহযোগিতার মাধ্যমে বর্তমান ডামি সরকার ভারতের সহায়তায় নিজেদের গদি রক্ষা করতে চায়।

বাংলাদেশ-ভারত সমমর্যাদা ও ন্যায্যতার ভিত্তিতে লেনদেন হবে এর মধ্যে তো সাধারণভাবে কোনো অসুবিধা নেই কিন্তু বিনা ভোটে ক্ষমতায় থাকার সহায়তার বিনিময়ে বাংলাদেশকে ভারতের একটি অংশ হিসেবে ভারত যেভাবে পশ্চিমবাংলা কিংবা অন্য প্রদেশকে ব্যবহার করে সেভাবে বাংলাদেশকে ব্যাবহার করবে এটা বাংলাদেশ রাষ্ট্রের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে।

নেতৃবৃন্দ বলেন, ‘পানি ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের মধ্যে বহু বছর কথাবার্তা হচ্ছে। একমাত্র গঙ্গা চুক্তি ছাড়া আরও যে ৫৩টি যৌথ নদী আছে, সেগুলোর কোনটা নিয়ে আমরা চুক্তি করতে পারিনি। তিস্তার চুক্তি ২০১১ সালে প্রস্তুত হলেও তা সাক্ষর হয়নি। এই চুক্তি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। এর সঙ্গে আমাদের উত্তরাঞ্চলের দুই কোটি মানুষের ভাগ্য জড়িত। এ চুক্তির বিষয়ে ভারতের দিক থেকেও অঙ্গীকার ছিল। কিন্তু এবার ঘোষণায় এ চুক্তি নিয়ে কোনো কিছু উল্লেখ নেই।

নদী অংশীদার হিসেবে পানির হিস্যা আমাদের অধিকারের বিষয়। কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই সফরে তিস্তার পানি বণ্টন নয়, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে। যাদের হাতে তিস্তা ধ্বংস হয়েছে তাদেরকেই তিস্তা ব্যবস্থাপনার অংশীদার করার আলাপ করে এসেছেন উনি।

তারা বলেন, প্রধানমন্ত্রী এ ধরনের দাসখত দেওয়া সমঝোতা স্মারক ও চুক্তির মাধ্যমে বাংলাদেশকে চীন-ভারতের আঞ্চলিক ভূ-রাজনৈতিক ব্যাটেল গ্রাউন্ড তৈরি করে 'সকলের সাথে বন্ধুত্বের' সাংবিধানিক পররাষ্ট্রনীতি উপেক্ষা করা হয়েছে। গণতন্ত্র মঞ্চ অবিলম্বে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণকারী সমঝোতা স্বারক ও চুক্তি বাতিল করতে আহবান জানায়।

গণতন্ত্র মঞ্চের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করে মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।