বাংলাদেশ বিমানবাহিনীর ৮৪তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি-২০২৪-এ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার যশোরে অবস্থিত বিমানবাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ হয়। এতে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি গ্র্যাজুয়েটিং অফিসারদের মধ্যে ট্রফি এবং ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
অফিসার ক্যাডেট সাবিত হাসান রাফি ৮৪তম বাফা কোর্স সার্বিক প্রশিক্ষণে সর্বোচ্চ কৃতিত্বের জন্য ‘সম্মানসূচক তরবারি’, অফিসার ক্যাডেট মো. ফাহিম উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ এবং অফিসার ক্যাডেট মো. মুস্তাকীমুর রহমান জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য ‘কমান্ড্যান্টস ট্রফি’ লাভ করেন।
এ ছাড়া ৮৪তম বাফা কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট মো. মুস্তাকীমুর রহমান ‘বিমানবাহিনী প্রধানের ট্রফি’ লাভ করেন। এই গ্রীষ্মকালীন সেমিস্টারে বীরউত্তম সুলতান মাহমুদ স্কোয়াড্রন চ্যাম্পিয়ন বিবেচিত হয়ে একাডেমি পতাকা লাভ করেন। আইএসপিআর