কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, ‘বিদেশে আম রাপ্তানি প্রসারিত করতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। বিদেশে আমের বাজার সৃষ্টি ও আম আমদানিতে বিদেশিদের উৎসাহিত করতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের একেবারে প্রান্তিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এর ফলে আমের বাণিজ্য সম্প্রসারিত হবে এবং বৈদেশিক মুদ্রাও অর্জন হবে। গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কান্দোবনা গ্রামের উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ আমের উৎপাদন পরিদর্শনকালে এ কথা বলেন।’
কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশের সুস্বাদু ও সম্ভাবনাময় আমের রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করছে। প্রধানমন্ত্রীও সজাগ রয়েছেন। বিদেশে বাংলাদেশের আমের বাজার আরও সৃষ্টি করার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।
সকালে নাচোলের কান্দোবনা গ্রামের আমে বাগানে কৃষি মন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন দল এসে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্যসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। কৃষি মন্ত্রীর সঙ্গে পরিদর্শন টিমে ছিলেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সংসদ সদস্য জিয়াউর রহমান, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ ব্রুনাই, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরাসহ বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর।