পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে চলতি বছরের ১৯ জুন পর্যন্ত ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় করা হয়েছে। অন্যদিকে চলতি বছরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে (ধলেশ্বরী ও ভাঙ্গা অংশ) থেকে টোল আদায় হয়ছে ১৫৫ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, চলতি বছরে পদ্মা সেতু থেকে সর্বোচ্চ টোল আদায় হয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন টোল আদায় করা মহাসড়কের সংখ্যা ৪টি। যেগুলোয় চলতি অর্থবছরে ১৮৪ কোটি ৩৭ লাখ ২৪ হাজার টাকা আদায় হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে (ধলেশ্বরী ও ভাঙ্গা অংশ) ১৫৫ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের রুস্তমপুর টোল প্লাজায় ১৫ কোটি ২৩ লাখ ৮৮ হাজার, নাটোরের হাটিকামরুল-বনপাড়া সড়কে ১১ কোটি ৪৫ হাজার এবং চট্টগ্রামের পোর্ট অ্যাকসেস রোডে ২ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকা।