পরীক্ষার্থী বিপদে পড়লে পাশে থাকবে পুলিশ

আগামী রবিবার শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তা করতে ঢাকা শহরের রাস্তায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কুইক রেসপন্স টিম কাজ করবে। কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করলে অথবা বিপদে পড়লে সেখানে কুইক রেসপন্স টিম তাকে দ্রুত কেন্দ্রে পৌঁছে দেবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে এইচএসসি পরীক্ষা ২০২৪ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান। পরীক্ষার্থীদের জন্য ১৯টি নির্দেশনাও দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান বলেন, ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হবে। প্রতিটি কেন্দ্রের সড়কভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীরা যেন সময়মতো পৌঁছাতে পারে, সে জন্য সড়কে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে মো. মুনিবুর রহমান বলেন, ‘ঢাকা মহানগরে এইচএসসি পরীক্ষার ৮০টি কেন্দ্র আছে । পরীক্ষার কেন্দ্রমুখী যেসব সড়ক রয়েছে, সেখানে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘেœ পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে, সেই প্রচেষ্টা থাকবে। এ ছাড়া প্রধান সড়কগুলোয় ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে পরীক্ষার কেন্দ্র বেশি, সেখানে কুইক রেসপন্স টিম বেশি থাকবে। কুইক রেসপন্স টিম বিভিন্ন সড়কে থাকবে। যদি কোনো পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে দেরি করে অথবা বিপদে পড়ে, সেখানে কুইক রেসপন্স টিম তাদের দ্রুত কেন্দ্রে পৌঁছানোর কাজ করবে।

এর আগে সংবাদ সম্মেলনে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ কয়েকটি নির্দেশনা দেন। নির্দেশনাগুলো হলো পরীক্ষার হলে রওনা দেওয়ার আগে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র এবং কলম সঙ্গে নেওয়ার, পরীক্ষা শুরুর আগের দিন কেন্দ্রের অবস্থানটি ভালো করে জেনে এবং বাসা থেকে কোন রুটে যেতে হবে, তার পরিষ্কার ধারণা নেওয়ার, পরীক্ষা শুরুর আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য পরীক্ষার্থী বা অভিভাবকদের সড়ক-মহাসড়কের যানজটের বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়া, বাসা থেকে এমনভাবে বের হতে হবে যেন ন্যূনতম ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছানো যায়, যেসব সড়ক পারাপারে রেলক্রসিং আছে তা বিবেচনা করে বাসা থেকে সময় নিয়ে রওনা দেওয়া জরুরি, বাসার বা পরীক্ষাকেন্দ্রের আশপাশের সড়কে যদি কোনো খোঁড়াখুঁড়ি বা মেরামতকাজ চলে, তবে তা বিবেচনায় নিয়ে সময়মতো রওনা দেওয়া, পরীক্ষার্থী ও অভিভাবকদের সাবধানতা অবলম্বন করে যানবাহনে চলাচল, কোনো অবস্থাতেই গণপরিবহনে ঝুলে ঝুঁকিপূর্ণভাবে পরীক্ষা কেন্দ্রে আসা-যাওয়া না করা, যেসব পরীক্ষার্থী মোটরসাইকেলে পরীক্ষা কেন্দ্রে গমন করবে, তারা অবশ্যই নিরাপত্তাজনিত কারণে হেলমেট পরিধান করা, পরীক্ষাকেন্দ্রে আসা পরীক্ষার্থীরা যানজট বা কোনো অনাকাক্সিক্ষত সমস্যার সম্মুখীন হলে কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহযোগিতা নেওয়া, ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার থেকে বিরত থাকা, প্রয়োজনে ফুটওভার ব্রিজ ব্যবহার করা এবং পুলিশের সহায়তা নেওয়া, রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং থাকলে ব্যবহার করা, পরীক্ষার কেন্দ্রের আশপাশে অযাচিত পার্কিং না করে অভিভাবক বা পরীক্ষার্থীদের ব্যবহৃত যানবাহন কেন্দ্র থেকে দূরবর্তী নিরাপদ স্থানে পার্কিং করা, পরীক্ষার্থী ও অভিভাবকরা পরীক্ষা কেন্দ্রের সামনের সড়কে দাঁড়িয়ে গেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। ফলে অন্য পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়, তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের কেন্দ্রের সামনে প্রধান গেটে ও রাস্তায় না দাঁড়িয়ে ফুটপাতে দাঁড়ানো, কেন্দ্রের সামনে আড্ডা দেওয়া থেকে বিরত থাকার; এক বছরে মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অবদান রেখেছে, যা পরীক্ষাকেন্দ্রে প্রার্থীদের পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে; ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের প্রতিটি জোন কর্র্তৃক আলাদা আলাদা কুইক রেসপন্স টিম গঠন এবং আলাদা ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা; বর্তমানে বর্ষাকাল চলছে, বিধায় অবশ্যই ছাতা, রেইনকোর্ট কিংবা বৃষ্টি থেকে রক্ষার প্রয়োজনীয় সরঞ্জাম সঙ্গে নিয়ে বাসা থেকে বের হওয়ার পাশপাশি যেকোনো জরুরি প্রয়োজনে ৯৯৯-এ ফোন করার নির্দেশনা দিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।