ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবোঝাই একটি মিনিবাসের ধাক্কায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হেয়েছেন আরও ৪ জন। স্থানীয় সময় শুক্রবার (২৮ জুন) ভোররাত পৌনে চারটার দিকে কর্ণাটক রাজ্যের পুনে-ব্যাঙ্গালোর মহাসড়কে গুন্ডেনাহাল্লি ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ওই মিনিবাসটিতে ১৭ জন যাত্রী ছিল বলে জানা যায়। মিনিবাসটিতে শিবমোগার বাসিন্দা ছিলেন। তারা তীর্থযাত্রার জন্য বেলাগাভি জেলায় গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে পার্ক করে রাখা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার কারণ জানা না গেলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিনিবাসের চালক গাড়ি চালানো অবস্থাতেই হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। আর এ কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়।