চট্টগ্রাম বন্দরে ওয়াটার পিউরিফায়ার মেশিন ঘোষণায় আনা একটি কন্টেইনারে তল্লাশি চালিয়ে পাওয়া গেছে বিদেশি সিগারেটের চালান। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই সিগারেট আটক করে কাস্টমস।
কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) একেএম খায়রুল বাশার সিগারেট আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাস্টমস সূত্র জানায়, ঢাকার যাত্রাবাড়ী এলাকার হামকো করপোরেশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থাইল্যান্ডের এশিয়ান গ্লোবাল কোম্পানি লিমিটেড থেকে সমুদ্রপথে চালানটি আমদানি করে। গত ২৬ জুন চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। আমদানিকৃত চালানটির ঘোষণা ছিল ওয়াটার পিউরিফায়ার মেশিন। চট্টগ্রামের আগ্রাবাদ জাহান চেম্বারের সিএন্ডএফ এজেন্ট ফাস্ট ট্র্যাক কার্গো সলিউশন লিমিটেড চালানটি খালাসের দায়িত্ব পেয়েছিল।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন এন্ড রিসার্চ (এআইআর) শাখা ও শুল্ক অধিদপ্তরের গোয়েন্দা বৃহস্পতিবার রাত ১২টার দিকে কন্টেইনারটি আটক করে কায়িক পরীক্ষা চালানো হয়। এ সময় ওই কন্টেইনারে ওয়াটার পিউরিফায়ার মেশিনের পরিবর্তে ২হাজার ৫০০ কার্টন বিদেশি মন্ড সিগারেট পাওয়া যায়। এতে রয়েছে ৫০ লাখ পিস সিগারেট। পরে সিগারেটগুলো জব্দ করে কাস্টমস। এ ব্যাপারে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এআইআর কর্মকর্তারা।