যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে শেষ হলো বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরকে দুষলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৭টায়) এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের আয়োজন করে সিএনএন ও এবিসি।
বিতর্কে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘খুব খারাপ ফিলিস্তিনি’ বলেছেন। কারণ বাইডেন গাজা যুদ্ধে হামাসের বিরুদ্ধে ইসরায়েলকে কোনো সহযোগিতা করেনি। ট্রাম্প আরও অভিযোগ করেন, হামাসকে নির্মূল করার মাধ্যমে "কাজটি শেষ করতে" ইসরায়েলকে কোনো সহযোগিতা করেননি বাইডেন।
ট্রাম্প বলেন, বাইডেন এটা করতে চান না। কারণ তিনি একজন ফিলিস্তিনিদের মতো হয়ে গেছেন। তবে ফিলিস্তিনিরা তাকে পছন্দ করে না। কারণ বাইডেন খুব খারাপ ফিলিস্তিনি, তিনি একজন দুর্বল ব্যক্তি।
চার বছরের মধ্যে এই প্রথম তারা আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে একে অন্যের মুখোমুখি হলেন। বিতর্কে পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাতসহ বিভিন্ন ইস্যুতে কথা বলার সময় তারা একে অন্যের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনেন এবং পরস্পরকে তীব্র বাক্যবাণে জর্জরিত করার চেষ্টা করেছেন।
ডোনাল্ড ট্রাম্প অর্থনীতি সামলানো, পররাষ্ট্র নীতির রেকর্ড ও ব্যাপক সংখ্যক অভিবাসীর বিষয়ে বাইডেনের তীব্র সমালোচনা করেন। অন্যদিকে আদালতে সম্প্রতি ট্রাম্পের সাজার প্রসঙ্গ তুলে ট্রাম্পকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে উল্লেখ করেন বাইডেন।