রাজধানীতে নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু হচ্ছে আগামী ৭ জুলাই। সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এই উৎসবের আয়োজন করছে বরাবরের মতো ইসকন স্বামীবাগ আশ্রম। বণার্ঢ্য শোভাযাত্রা, বিশ্বশান্তিকল্পে অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তন, ভাগবতীয় আলোচনা, শ্রীচৈত্রন্যচরিতামৃত পাঠ, ধর্মীয় নাটক ও হরিনাম সংকীর্তনসহ নানা কর্মসূচিতে সাজানো হয়েছে এই রথযাত্রা মোহৎসব।
আজ শুক্রবার ইসকনের স্বামীবাগ আশ্রমে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উৎসবের বিস্তারিত তুলে ধরে বাংলাদেশের আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। এবারের রথযাত্রায় অন্তত ৩ লক্ষ ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছেন ইসকনের সংগঠকরা।
মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের সভাপতি শ্রী সত্যরঞ্জন বাড়ৈ, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী জগৎগুরু গৌরঙ্গ দাস ব্রহ্মচারী, ইসকন জাগ্রত ছাত্র সমাজের পরিচালক শ্রী দ্বিজমণি গৌরাঙ্গ দাস ও শ্রী জয় মহাপ্রভু দাস ব্রহ্মচারীসহ অনেকে।
এ ছাড়া সভায় ভার্চুয়াল যুক্ত হন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ইসকন স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, টিভি চ্যানেল নিউজ২৪ এর নির্বাহী পরিচালক রাহুল রাহা, সনাতনী সাংবাদিকদের সংগঠন স্বজনের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক অনিমেষ করসহ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ইসকনের সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ বলেন, এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা হবে। শোভাযাত্রায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়োজিত থাকবে। মহোৎসব সফল করতে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ ছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। তিনি বলেন, রথযাত্রায় সব ধর্ম- বর্ণের মানুষ অংশ নিতে পারবেন।
অধ্যক্ষ শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী রথযাত্রা মহোৎসব এবং শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য সনাতন সম্প্রদায়সহ ভক্তদের প্রতি অনুরোধ জানান। সাংবাদিকদের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।