বেরোবিতে ৪র্থ গ্রেডের বাছাই বোর্ডের বিশেষজ্ঞ ৫ম গ্রেডের কর্মকর্তা!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরের অর্থ ও হিসাব দপ্তরের ৪র্থ গ্রেডের অতিরিক্ত পরিচালকের একটি শূন্য পদে নিয়োগের জন্য বাছাই বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে রাখা হয় ৫ম গ্রেডের কর্মকর্তাকে। এই বিশেষজ্ঞ সদস্য হলেন অর্থ মন্ত্রণালয়ের বাজেট-১২ শাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। এ নিয়ে সমালোচনার মুখে বোর্ড স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২৮ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অর্থ ও হিসাব দপ্তরের ৪র্থ গ্রেডের অতিরিক্ত পরিচালক পদে নিয়োগের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার (২৭ জুন) মধ্যরাতে তা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিনভর চেষ্টা করেও নিয়োগ বাছাই বোর্ডের বিশেষজ্ঞ সদস্য এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের নিয়োগ পরীক্ষায় উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা যায়নি।

তবে কেবল এবারই নয় এর আগে গত ৩১ মে তারিখে অনুষ্ঠিত ৫ম গ্রেডের ডেপুটি রেজিস্ট্রার/সমমানের ৩১ জন কর্মকর্তাকে ৪র্থ গ্রেডের অতিরিক্ত রেজিস্ট্রার/সমমানের পদে পদোন্নতি প্রদানের জন্য যে বাছাই বোর্ড হয় সেখানেও বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন  এবিএম ইফতেখারুল ইসলাম।

তখনও ৫ম গ্রেডের কর্মকর্তাকে ৪র্থ গ্রেডের কর্মকর্তা পদের নিয়োগ ও পদোন্নতি বোর্ডের বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত থাকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল।

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বাজেট-১২ শাখার উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বাছাই বোর্ড উপস্থিত থাকার কথা অস্বীকার করে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে পারবেন না বলে কল কেটে দেন।

এ ছাড়াও, বিষয়টি নিয়ে নিয়োগ বোর্ডের সভাপতি ও অপর সদস্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. মজিব উদ্দীন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।