মার্কিন গায়িকা ও অভিনেত্রী প্যারিস হিলটন কৈশোরে এক আবাসিক চিকিৎসা কেন্দ্রে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। বিষয়টি মার্কিন কংগ্রেসে জানালেন তিনি। এর আগে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারেও বিষয়টি তুলে ধরেছিলেন প্যারিস হিলটন। মার্কিন কংগ্রেসের হাউজ ওয়েজ অ্যান্ড মিনস কমিটির এক শুনানিতে যুক্তরাষ্ট্রের আবাসিক চিকিৎসাকেন্দ্রগুলো নিয়ে প্যারিস হিলটনসহ কয়েকজন বিশেষজ্ঞ কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের হাজারো শিশু-কিশোরকে আবাসিক চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। মানসিক জটিলতা ও পড়াশোনায় অমনোযোগী হওয়ায় ১৫ বছর বয়সে হিলটনকেও একটি চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়েছিল। সেখানে ১১ মাসের মতো ছিলেন। এই সময়টা ভয়াবহ যন্ত্রণার মধ্যে কাটিয়েছেন এই তারকা। প্যারিস হিলটন বলেন, ওরা বরাবরই প্রতিশ্রুতি দেয়, শিশুদের বিকাশে কাজ করে। কিন্তু আমাকে দুই বছর ধরে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া হয়নি, এমনকি জানালার বাইরে তাকাতেও দেয়নি। আবাসিক চিকিৎসাকেন্দ্রে যৌন নির্যাতনের অভিযোগ তুলে প্যারিস হিলটন শুনানিতে বলেন, আমাকে জোর করে ওষুধ খাওয়ানো হয়েছিল, কর্মীরা আমাকে যৌন নির্যাতন করেছে।