পাবনায় হঠাৎ অসুস্থ ডেপুটি স্পিকারকে আনা হলো ঢাকায়

পাবনার বেড়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুকে ঢাকায় আনা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে ঢাকায় আনার পর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। ডেপুটি স্পিকার এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আবদুল মালেক।

গতকাল রাতে দেশ রূপান্তরকে আবদুল মালেক বলেন, ‘ডেপুটি স্পিকার স্যার এখন সুস্থ আছেন। তিনি সিএমএইচে রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি কেবিনে বিশ্রাম নিচ্ছেন। এখনো রিপোর্ট আসেনি।’

গতকাল বেলা ১১টার দিকে নিজ সংসদীয় এলাকায় বেড়া বিপিন বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। অনুষ্ঠান উদ্বোধন শেষে নিজ বাড়িসংলগ্ন নৌকা চত্বরে বৃক্ষরোপণের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থতাবোধ করেন এবং হেলে পড়েন।