ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তেজগাঁও থানার বাউলবাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ দুজন হলেন মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯)। তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়। গতকাল তাদের আদালতে পাঠানো হলে আদালত দুজনকে কারাগারে পাঠায়।
তেজগাঁও থানার ওসি মো. মহসিন জানান, সম্প্রতি এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টের মালামাল চুরির ঘটনা ঘটেছে। তেজগাঁও থানার অংশে এক্সপ্রেসওয়ের মালামাল চুরির ঘটনায় সিসিটিভিতে ধরা পড়ে। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাদ্দাম ও মোরশেদকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, সাদ্দাম একটি ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘোরেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তারক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করেন। পরে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।
তিনি জানান, সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে। চুরির ঘটনায় তেজগাঁও থানায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদে সাদ্দাম পুলিশকে জানিয়েছেন, এক্সপ্রেসওয়ে থেকে প্লাস্টিকের ব্যারিয়ারসহ (গাড়ি চলাচলের জন্য লেন তৈরি করতে ব্যবহার হয়) বিভিন্ন মালামাল চুরি করে তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন। এ ছাড়া বিভিন্ন সরকারি প্রকল্পের উন্নয়নকাজের মালামাল চুরির সঙ্গে জড়িত তিনি। তার সঙ্গে আরও বেশ কয়েকজন সহযোগী রয়েছে। দীর্ঘদিন ধরে এভাবে চুরি করে একেক সময় একেক ধরনের মালামাল বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। পরে সেই টাকা সহযোগীদের ভাগ দিয়ে বাকি টাকা নিজের জন্য রাখতেন।