গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত কর্মসূচির প্রস্তুতি সভা থেকে ফেরার পথে দলটির চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে মাওনা কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কেন্দ্রীয় নির্দেশনায় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল।
বিএনপির দাবি, গ্রেপ্তারকৃত সবাই নিয়মিত আদালতে হাজিরা দিয়ে জামিনে থাকার পরও পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পরে অনেক পুরাতন একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃত চার নেতা হলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মশিউর রহমান খান টিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল হাসান বেপারি, উপজেলা যুবদলের সদস্য আরিফুল ইসলাম ও আবু বক্কর মিয়া।
শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল বেপারি বলেন, সভা শেষ করে ফেরার সময় পোশাকধারী একদল পুলিশ সভার বাইরে থেকে চারজনকে গ্রেপ্তার করে। আটককৃতদের মধ্যে একজন সিনিয়র নেতাও আছেন। কী কারণে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলেও পুলিশ কোনো উত্তর দেয়নি।’
শ্রীপুর মডেল থানার ওসি আকবর আলী খান বলেন, ‘গ্রেপ্তারকৃত চারজনকে আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন। কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করে তাদের গ্রেপ্তার করা হয়নি। তাদের নামে মামলা আছে তাই গ্রেপ্তার করা হয়েছে।’