বেকারত্ব, সামাজিক এবং জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানির মতো সমস্যা সমাধান এবং সম্ভাব্য সুযোগগুলো কাজে লাগিয়ে শিশু ও কিশোরীদের সুরক্ষার লক্ষ্যে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট কক্সবাজারে ‘স্বপ্নের সারথী-সি-শোর গার্লস প্রজেক্ট’ শুরু করেছে।
ইউনিসেফের সহযোগিতা এবং অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটির অবহিতকরণসভা গত বুধবার কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন অ্যান্ড হেরিটেজ হোটেলে অনুষ্ঠিত হয়। এতে বলা হয়, প্রকল্পটি মূলত কক্সবাজার এলাকার শিশু ও কিশোরীকেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থা অর্থাৎ সেফগার্ড মেকানিজম প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবে।
অবহিতকরণসভায় জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সিনিয়র ম্যানেজার কামরুল কিবরিয়া অয়ন বলেন, ‘প্রকল্পটি কক্সবাজারের যুব সমাজের সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’
ইউনিসেফ বাংলাদেশের পক্ষ থেকে জেনারেশন আনলিমিটেডের প্রোগ্রাম ম্যানেজার মারিয়ান ওয়েলার্স বলেন, ‘মেয়েদের শোষণ এবং সহিংসতা থেকে রক্ষা করতে তাদের ক্ষমতায়ন করতে হবে। স্বপ্নের সারথী প্রকল্পটি সার্ফিং, লাইফগার্ড প্রশিক্ষণ, প্রাথমিক চিকিৎসা, সাঁতার এবং সফট স্কিলসের মাধ্যমে মেয়েদের দক্ষতা ও ক্ষমতায়ন বৃদ্ধিতে কাজ করবে।’ বিজ্ঞপ্তি