চোটের কারণে কোপা আমেরিকার ব্রাজিল দলে নেই নেইমার জুনিয়র। তবে দলের সঙ্গ ছাড়েননি তিনি। লস অ্যাঞ্জেলসে টুর্নামেন্টে নিজ দেশের প্রথম ম্যাচে হাজির হয়েছিলেন তিনি। সেই ম্যাচে অবশ্য জিততে পারেনি সেলেসাওরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলে আজ প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে দরিভাল জুনিয়রের দল।
আর লাস ভেগাসের অ্যালিজায়ান্ট স্টেডিয়ামের গ্যালারিতে বসে ডি গ্রুপে ব্রাজিল-প্যারাগুয়ের ম্যাচটি দেখেছেন নেইমার। আল হিলালের এই ব্রাজিলিয়ান তারকাকে ভিনির গোলের সময় লাফিয়ে উল্লাস করতেও দেখা যায়।
ম্যাচের ৩৫ মিনিটে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনি। ৪৩ মিনিটে সাভিনিও ও ৪৫ মিনিটের সঙ্গে যোগ করা পঞ্চম মিনিটে আরও একটি গোল করেন ভিনি। ৬৫ মিনিটে লুকাস পাকেতা পেনাল্টি থেকে আদায় করেন গোল। ৪-১ গোলের জয়ের রাতে একটি পেনাল্টি মিস করেন পাকেতা। ঐ সময় নেইমারকে হতাশাও প্রকাশ করতে দেখা যায়।
গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পর থেকে আর মাঠে নামতে পারেননি এই স্ট্রাইকার। তবে যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলির আশেপাশে দরিভাল জুনিয়রের দলের একটি অংশ হয়ে উঠেছেন তিনি।