‘খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে বাংলাদেশ মানচিত্র থেকে মুছে যাবে’

আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চাই, কোনো দাসত্ব চাই না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা যদি খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি, বাংলাদেশ অতি তাড়াতাড়ি মানচিত্র থেকে মুছে যাবে, যেসব চুক্তি ভারতের সঙ্গে করেছে, প্রত্যেকটা চুক্তি বাংলাদেশকে ধ্বংস করার জন্য।

আজ শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর জানান, বিএনপি ভারতবিরোধী নয়। আমরা ভারতবিরোধী না। আমরা আমাদের দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে। আমরা বন্ধুত্ব চাই, কিন্তু প্রভুত্ব চাই না। আমরা চাই না বন্ধুত্বের নামে আমার দেশের স্বার্থ ক্ষুণ্ন হোক। সুতরাং কেউ যদি মনে করে আমরা তাদের বিরুদ্ধে, তাহলে আমাদের কিছু করার নেই।

তিনি বলেন, আমার নেত্রী ৭ বছর ধরে কোনো বক্তৃতা দেয় না। আমাদের একটি দাবি, সে দাবি আমাদের নেত্রীর মুক্তি। এ দাবিতে এখন থেকে আন্দোলন শুরু হবে। শেখ হাসিনা বেগম জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছেন। যে মামলায় তাকে বন্দি করা হয়েছে এটা কোনো মামলাই না। এমন মামলায় বহু লোক জামিন ও মুক্তি পেয়েছেন। বক্তৃতা করে কখনো কোনো আন্দোলন সফল হয়নি। আন্দোলন সফল করতে রাজপথে কঠোর অবস্থান থাকতে হবে।

সমাবেশের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এছড়াও সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য নেতারা।