নেপালের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টির মধ্যে ভূমিধসে একই পরিবারের পাঁচজনসহ অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার নেপালের তিনটি স্থানে এই ভূমিধসের ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় ঘটনাগুলো ঘটেছে। খবর এপির।
দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসের কবলে পড়ে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখন ওই পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। পাঁচজনের লাশই উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু।
সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। এখানে এক মা ও তার তিন বছর বয়সী এক শিশু নিহত হন। আর গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরও দুইজনের মৃত্যু হয়।
জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। তারপর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকে।
বৃষ্টির মৌসুমে হিমালায় কোলের দেশ নেপালে ভূমিধস ও হড়কা বান একটি নিয়মিত ঘটনা; প্রতি বছরের এ সময়টিতে এসব দুর্যোগে কয়েকশ মানুষের মৃত্যু হয়।