ফ্রান্সকে হারানো সুইসরা কি আজ ইতালিকেও বিদায় করবে

ইউরোর শেষ ষোলো রাউন্ডের প্রথম ম্যাচে আজ সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি। ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন ইতালি 'বি' গ্রুপ থেকে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে উঠেছে। সুইজারল্যান্ড 'এ' গ্রুপের রানার্সআপ দল।

২০২২ বিশ্বকাপ বাছাইয়ে একই গ্রুপে ছিল ইতালি ও সুইজারল্যান্ড। সেবার ইতালির বিপক্ষে দুই ম্যাচই ড্র করে সুইজারল্যান্ড। গ্রুপ থেকে সুইজারল্যান্ড সেরা হয়ে কাতার বিশ্বকাপ খেললেও বাছাই পেরোতে পারেনি ইতালি।

এবার ইউরোর গ্রুপ পর্বে ইতালি এক ম্যাচ হারলেও অপরাজিত আছে সুইসরা। জার্মানির মতো দলকে তারা ১-১ গোলে রুখে দেয় গ্রুপ পর্বে। যেহেতু নকআউটের লড়াই তাই নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচ সমতায় থাকলে গড়াবে টাইব্রেকারে।

২০২০ (হয়েছে ২০২১ এ) ইউরোতে শেষ ষোলোতে সুইজারল্যান্ড টাইব্রেকারে হারিয়ে দিয়েছিল ফ্রান্সকে। ইতালিকেও সেবার শেষ ষোলোতে খেলতে হয়েছিল অতিরিক্ত সময় পর্যন্ত। এবার কি তাহলে শেষ ষোলোতে ইতালিকে হতাশ করে কোয়ার্টারে যাবে সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ডের কোচ ইয়াকিন বলেন, 'আমরা ইতালিকে নিয়ে হোমওয়ার্ক করেছি, শুধু শেষ তিন ম্যাচই নয় টুর্নামেন্টে তাদের আগের ম্যাচগুলোও বিশ্লেষন করেছি। আমরা ইতালির জন্য তৈরী। তারা ট্যাকটিক্যাল ফুটবলে সেরা। তারা এটি যেভাবে করে আমার ভালো লাগে। দলগতভাবে ডিফেন্ড করে, এমনভাবে ম্যানমার্কিং করে যেটি বেশিরভাগ দলগুলো করে না।'

২০২১ ইউরোতে এই দুটি দল একই গ্রুপে ছিল। সেবার অবশ্য জিতেছিল ইতালি।

তবে এবার সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটি ইতালির জন্য কঠিন হতে পারে। তাই দলকে সতর্ক করে দিয়েছেন জিয়ানলুইজি বুফন।

বুফন বলেন, 'সুইজারল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচে আমরা আশা নিয়ে যেতে পারি। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি আমাদের স্নায়ুর চাপ সামলানোর যে ক্ষমতা দিয়েছে, সেটা কাজে লাগাতে পারি। সুইজারল্যান্ড কঠিন প্রতিপক্ষ; যদিও মাঝেমধ্যে তাদের জিততে সমস্যা হয়, কিন্তু তাদের আসলেই হারানো কঠিন।'

সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ৬ ম্যাচে একটিতেই (২০২১ ইউরো) জিততে পেরেছে ইতালি। বাকি পাঁচ ম্যাচ ড্র হয়।