১৭ বছরের অপেক্ষার অবসান কি হাসিমুখে হবে দ্রাবিড়ের

যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে একদিন ব্যর্থতার গ্লানি নিয়ে মাথা নিচু করে ফিরতে হয়েছিল, সেখানেই গৌরবের মুকুট মাথায় পরার সুবর্ণ সুযোগ! সেই ব্যর্থ নায়কের সামনেই ইতিহাস তৈরির হাতছানি। তিনি রোহিত শর্মা-বিরাট কোহলিদের গুরু রাহুল দ্রাবিড়। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডু ইট ফর দ্রাবিড়’ নামক ক্যাম্পেইনই প্রমাণ করে ভারতীয় সমর্থকদের কাছে মর্যাদায় দ্রাবিড়ের অবস্থান কোথায়।

আজকের ফাইনাল ম্যাচটিই ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের শেষ ম্যাচ। তাকে থেকে যাওয়ার অনুরোধ করেছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু রাহুল দ্রাবিড় সযত্নে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। শোনা যাচ্ছে রাহুলের উত্তরসূরীও ঠিক করে ফেলেছে ভারতীয় বোর্ড।

ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হারের পর রাহুল দ্রাবিড়

ভারতীয় যুব দলের কোচ থাকার সময় একবার বিশ্বকাপ জিতেছেন রাহুল। কিন্তু সিনিয়র দলের কোচ হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও হৃদয় ভাঙার কষ্ট পেতে হয়। সমালোচনা হয়েছে, রাহুল দ্রাবিড় ছোটদের কোচ হিসেবে সফল, কিন্তু সিনিয়রদের নিয়ে একেবারেই সফল নন। তিনি বরং ব্যর্থতার মেরুরই বাসিন্দা।

ব্যর্থতার গল্প আরও একটি রয়েছে। ২০০৭ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে তার নেতৃত্বে এই ক্যারিবিয়ান মুলুক থেকেই ছিটকে যেতে হয়েছিল ভারতকে। আজ সেই একই মাটিতে পাচ্ছেন রাহুল দ্রাবিড় প্রায়শ্চিত্ত করার সুযোগ। অধিনায়ক হিসেবে যা পাননি, কোচ হিসেবে সবকিছু পাওনাগণ্ডা বুঝে নেওয়ার শেষ ও সুবর্ণ সুযোগ তার সামনে। রাহুল দ্রাবিড় এবার কি পারবেন চওড়া হাসিমুখে বৃত্তপূরণ করতে।