হাসপাতাল দেখে আইনমন্ত্রী বললেন, এখানে মানুষের চিকিৎসা হয় নাকি ময়লার

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা এবং খাবারের মান দিয়ে অভিযোগ দীর্ঘদিনের। এ অবস্থায় আজ শনিবার (২৯ জুন) আইনমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আনিসুল হকের নির্দেশে আখাউড়া পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলের নেতৃত্বে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা হয়।

পরে ভিডিও কলে হাসপাতালের অবস্থা দেখেন মন্ত্রী। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রোগীদের জন্য নিম্নমানের খাবার পরিবেশন দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অপরিচ্ছন্ন অবস্থা দেখে মন্ত্রী প্রশ্ন করেন, এই হাসপাতালে মানুষের চিকিৎসা হয় নাকি ময়লার। তিনি পরিচ্ছন্নতার কাজে থাকা জনপ্রতিনিধিসহ ছাত্র-যুবককের ধন্যবাদ জানিয়ে এমন কাজ প্রতিনিয়ত পরিচালনা করার নির্দেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, পৌর মেয়র তাকজিল খলিফার নেতৃত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন বেগ শাপলু, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম চৌধুরী এবং নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বনিক, আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি এবং ছাত্র-যুবককের একটি দল বেলা ১ টা থেকে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। এ সময় হাসপাতালের প্রবেশমুখ থেকে কয়েক টন আবর্জনা তারা অপসারণ করা হয়। দলটিতে অন্তত ৭০ জন অংশগ্রহণ করেন। বেলা ১১টা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত তাদের কার্যক্রম চলে।

পৌর মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, আইনমন্ত্রীর নির্দেশে আমরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ গ্রহণ করি। আজ বেলা তিনটা পর্যন্ত হাসপাতালের রোগীদের খাবার দেওয়া হয়নি। খাবার তৈরির ঘরে গিয়ে সেটি তালাবদ্ধ দেখতে পাই। পরে দায়িত্বরত বাবুর্চির ঘরে গিয়ে দেখি সেখানে ১ কেজির কম চালের ভাত এবং পাঙ্গাস মাছের ছোট ছোট কয়েকটি পিস রোগীদের জন্য রাখা আছে। যা খাবার অযোগ্য।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূইয়া বেলা তিনটা পর্যন্ত খাবার না পাওয়ার বিষয়টি স্বীকার করে জানান, নিম্নমানের খাবার পরিবেশনের বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো। মন্ত্রীর নির্দেশ পেয়ে ইতিমধ্যে আমরা সির্ভিল সার্জনকে বিষয়টি অবহিত করেছি।