হিলি সীমান্ত

বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

মাদকসহ অন্যান্য চোরাচালান বন্ধ ও সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক হয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আমন্ত্রণে গতকাল শনিবার বেলা ১১টায় ভারতের পতিরাম-৬১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল রাওয়াত হিলি সীমান্তের ২৮৫ মেইন পিলারের ১১ নম্বর সাব-পিলারসংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় এলে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সেখানে বিজিবির চেকপোস্টে দুই বাহিনীর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে এক বৈঠকে মিলিত হন। বৈঠকে বিএসএফের পক্ষে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ও বিজিবির পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। বৈঠক শেষে দুই বাহিনীর পক্ষ থেকে একে অন্যকে মিষ্টি, ফল, গাছের চারা ও ক্রেস্ট উপহার দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় বিএসএফের প্রতিনিধিদলটি একই পথ দিয়ে পুনরায় ভারতে ফিরে যায়।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ বলেন, সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধসহ সীমান্তের বিভিন্ন ইস্যু নিয়ে ইতিবাচক আলোচনা হয়।