বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময়

বাংলাদেশ-ভারত ব্যবসার ক্ষেত্র সম্প্রসারণ ও বিভিন্ন সম্ভাবনা নিয়ে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল শনিবার ময়মনসিংহ জেলা পরিষদের ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে এই সভা হয়। সভায় পণ্য আমদানি-রপ্তানিতে নানা জটিলতার কথাও তুলে ধরেন দুই দেশের ব্যবসায়ীরা।

দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও ভারতের গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশন দুই দেশের ব্যবসায়ীদের নিয়ে সভাটির আয়োজন করে। সভাটির উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু। প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম।

ব্যবসায়ী নেতারা জানান, চারটি স্থলবন্দর দিয়ে প্রধান পণ্য হিসেবে ভারত থেকে কয়লা ও পাথর আমদানি হতো। কিন্তু ভারতীয় হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে প্রায় পাঁচ বছর ধরে কয়লা ও বাংলাদেশে বেশি করারোপ করায় দুই বছরের বেশি সময় ধরে পাথর বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে বিপাকে পড়েছেন দেশি ব্যবসায়ীরা। কয়লা ও পাথর ব্যবসা যেন আবার শুরু হয়, সে দাবি জানান ব্যবসায়ীরা।

ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিনুল হক শামীমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন গুয়াহাটির বাংলাদেশ সহকারী হাইকমিশনের ট্রেড অ্যান্ড প্রটোকল অফিসার আজহারুল আলম। এতে আরও বক্তব্য দেন ভারতের তুরা চেম্বার অব কমার্সের সভাপতি ইনসিম মারাক, গোবরাকুড়া এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির সহসভাপতি অধ্যাপক অশোক সরকার অপু, করিমগঞ্জ ইমপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামীম চৌধুরী, নাকুগাঁও এক্সপোর্ট ইমপোর্টের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, ভারতের গুয়াহাটির ব্যবসায়ী দীপঙ্কর সার্মা, ডা. হাবিবুর রহমান চৌধুরী, গারো হিলস এক্সপোর্ট ইমপোর্ট সমিতির নেতা আঁখি সাংমাসহ ভারত ও বাংলাদেশের ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

ভারত থেকে ৪০ জনের ব্যবসায়ী দল, বাংলাদেশ অংশে ময়মনসিংহ বিভাগের চার জেলার ব্যবসায়ী নেতা, হালুয়াঘাটের কড়ইতলী ও গোবরাকুড়া স্থলবন্দর, জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর ও শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।