এলাকায় আধিপত্য বিস্তারকে ঘিরে দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের গুলি ও ককটেল হামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ দুজন নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল হকসহ ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে। শুক্রবার রাতে নিহত আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে এই মামলা করেন। মামলা দায়েরের পর এজাহার নামীয় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে আব্দুস সালামের দাফন সম্পন্নের পর রাতে তার স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। তিনি জানান, মামলায় আশরাফুল হকের নাম রয়েছে। মামলা দায়েরের পর এজাহার নামীয় দুজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
হত্যা মামলায় গ্রেপ্তারকৃত দুজন হচ্ছেন, নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া ও শিবগঞ্জ উপজেলা ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক।