যশোরে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা

যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে খানপুর ইউনিয়নের মাছনা মহলপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মঙ্গলী ওরফে পলি (৪০) মাছনা গাজীপাড়া গ্রামের মৃত খালেক গাজীর সন্তান।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পলি বাইরের কাজ শেষে বাসায় ঢোকেন। শুক্রবার রাত ৮টার দিকে পাশের বাড়ির ছুরা খাতুন বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে সাড়া-শব্দ না পেয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান। প্রতিবেশীরা মনিরামপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে পলির ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে তার হাত বাঁধা ও গলা কাটা অবস্থায় দেখতে পায়।

নিহত পলি ১০ থেকে ১২ বছর আগে মাছনা মহলপাড়ায় জমি কিনে বাড়ি নির্মাণ করে একা বসবাস করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে একা থাকার সুযোগে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।