বিশ্বকাপ জিতে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন, টি-টোয়েন্টি থেকে তার অবসরের কথা। সেই ঘোষণার দুই ঘণ্টা পর অবসরের ঘোষণা দেন রোহিত শর্মাও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শনিবার ভারত ৭ রানে হারায় দক্ষিণ আফ্রিকাকে। তাতে ১৭ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত। দলকে নেতৃত্ব দেওয়া রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের কথা জানান ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল। এর পরে আমি আর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলবো না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভাল মুহূর্ত হতে পারে না। এই ফরম্যাটেই ভারতীয় দলে আমার অভিষেক হয়েছিল।'
টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট খেলবেন রোহিত।
ভারত অধিনায়ক আরও বলেন, 'যে দিন থেকে টি-টোয়েন্টি খেলেছি, উপভোগ করেছি। আমি বিশ্বকাপ জিততে মরিয়া ছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।'
টি-টোয়েন্টিতে ভারতের হয়ে ১৫৯ ম্যাচ খেলেছেন রোহিত। ৪ হাজার ২৩১ রান তাঁর নামের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। জিতেছেন দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭ ও ২০২৪)।