নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী জাহাজ এমভি মনপুরায় বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন কামাল হোসেন (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে। এতে ঘটনাটিতে ৩ জনের মৃত্যু হলো।
আজ রবিবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তার মৃত্যু হয়।
এর আগে গত বুধবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী এমভি মনপুরা জাহাজে আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনারদিন উদ্ধার করা হয় খোকন নামে একজনের লাশ। আর শুক্রবার রাতে উদ্ধার হয় ফখরুদ্দিন নামে অপরজনের লাশ।
কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, কামালের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তরের পক্রিয়া চলছে।
এদিকে, কামালের শ্যালিকা সাথী আক্তার জানান, কামালের বাড়ি ভোলার মনপুরা উপজেলায়। এমভি মনপুরা নামে ওই জাহাজটির শ্রমিক ছিলেন তিনি। বিস্ফোরণে তার শরীর ঝলসে গেলে স্থানীয়রা ওইদিনই তাকে ঢাকায় নিয়ে আসে।
জানা যায়, জাহাজে থাকা পাঁচজনের মধ্যে বাকের ও বাবুল মোল্লা নামে দুজন স্টাফ বেঁচে যান। আগুনে দগ্ধ হন কামাল। আর ওইদিনই উদ্ধার করা হয় খোকন নামে একজনের লাশ। আর শুক্রবার রাতে নদীতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ফখরুদ্দিন নামে অপরজনের লাশ।