আঘাত পায়ে, গোপনাঙ্গে অস্ত্রোপচার করলেন চিকিৎসক

খেলতে গিয়ে পায়ে আঘাত পায় ৯ বছর বয়সী এক শিশু। সেই আঘাতের জন্য তাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করেন তার বাবা-মা। কিন্তু চিকিৎসক তার পায়ের বদলে গোপনাঙ্গে অস্ত্রোপচার করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের সাহাপুরে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রতিবেদনে বলা হয়, শিশুটির বাবা একজন দিনমজুর এবং তার মা একজন গৃহকর্মী। তারা সাহাপুরের বাসিন্দা।গত মাসে খেলা করার সময় শিশুটি পায়ে আঘাত পেয়েছিল। ফলে নিয়মিত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তার শরীরে সংক্রমণ দেখা দিয়েছিল। ফলে তাকে গত ১৫ জুন হাসপাতালে ভর্তি করেন তার বাবা-মা। 

শিশুটির বাবা-মা বলেন, ডাক্তার যখন অপারেশন থিয়েটার থেকে আমার ছেলেকে নিয়ে আসেন তখন আমার ছেলে আমাকে জানায়, ডাক্তার তার পায়ের পরিবর্তে গোপনাঙ্গে অস্ত্রোপচার করেছেন। আমি ডাক্তারকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তাড়াহুড়ো করে শিশুটিকে অপারেশন থিয়েটারে ফিরিয়ে নিয়ে যান এবং তার পায়ে অস্ত্রোপচার করেন। পরিবারের লোকজন ডাক্তারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, শিশুটি সুস্থ হয়ে যাবে। এ ঘটনায় তারা হাসপাতালের নামে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছে। 

তবে চিকিৎসকদের দাবি, তারা কোনো ভুল করেননি। শিশুটির পায়ের সমস্যার সাথে ফিমোসিসের জটিলতা ছিল। একই দিনে সমবয়সী তিনজনের অপারেশন চলায় চিকিৎসক সন্দিহান হয়ে এমনটা ঘটিয়েছেন বলে দাবি করেছেন তারা। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

হাসপাতালের কর্মকর্তা ডা. গজেন্দ্র পাওয়ার বলেন,পায়ে চোট ছাড়াও শিশুটিরও ফিমোসিসের সমস্যা ছিল। ফলে তার গোপনাঙ্গে অপারেশন করা হয়েছে।