প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: বিএনপি নেতা চাঁদ জামিনে মুক্ত

এক বছর পর জামিনে মুক্তি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ।

রবিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হন। রাজশাহী কেন্দ্রীর কারাগারের জেলার আমান উল্লাহ্ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। এসব মামলা পর্যায়ক্রমে জামিন আসছিল। সর্বশেষ মামলার জামিনের কাগজ আজ সকালে আদালত থেকে কারাগারে এসে পৌঁছায়। এরপর নিয়ম অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি কারাগার ত্যাগ করেন।

উল্লেখ্য, আবু সাঈদ চাঁদ ২০২৩ সালের ১৯ মে রাজশাহী জেলার বানেশ্বরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন। উক্ত বক্তব্যের জেরে রাজশাহীসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর ২৫ মে তাকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।