সার্কাসে কাজ করে ঋণ শোধ

বিদ্যুৎ জামওয়ালের ‘ক্র্যাক’ সিনেমা ভালো যায়নি, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আর এ কারণে বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়েছেন নায়ক। কারণ, ছবিটিতে অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেই ছিলেন তিনি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ‘জুম’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আর্থিক ক্ষতির মুখে পড়ে সার্কাসে যোগ দিতে হয়েছে তাকে। সেই সঙ্গে বলেছেন, তিন মাসে আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার গল্প। জানান, ক্ষতি কাটিয়ে উঠতে প্রথমেই তিনি যোগ দেন সার্কাস দলে। বিদ্যুৎ জামওয়াল বলেন, ‘হলে ক্র্যাক মুক্তি পায় এবং সেটা সফল হয়নি। এই প্রথম আমি প্রযোজনা করেছি, অনেক অর্থ খোয়াতে হয়েছে। আমার জন্য পরিস্থিতি সামাল দেওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল। অর্থ হারিয়ে অনেক উপদেশ পেয়েছি। অতীতে আর্থিক ক্ষতির মুখোমুখি হয়েছেন এ রকম অনেকেই নানা কথা বলেছেন। সব উপদেশ থেকে নিজেকে সরিয়ে রেখেছি।’ তিনি আরও বলেন, “ক্র্যাক মুক্তির পরে আমি ফ্রেঞ্চ সার্কাসে যোগ দিয়েছি। এক বন্ধুর সার্কাস দল ছিল সেটি। ১৪ দিন অনেক এলিট মানুষের সঙ্গে কাটিয়েছি। ফিরে এসে বসে ভেবেছি, ‘অনেক কোটি রুপি হারিয়েছি, কখনো হারাব কল্পনাও করিনি। এখন আমি কী করব?’ আর তিন মাসের মধ্যেই আমি ঋণ মুক্ত। এটা মিরাকল।” ‘ক্র্যাক’-এর আগে খুদা হাফিজ, খুদা হাফিজ ২-এর মতো একাধিক অ্যাকশন সিনেমায় অভিনয় করেছেন বিদ্যুৎ।