জ্বালানিতে দুর্নীতির সুযোগ সৃষ্টি করেছে সরকার

সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণের কারণে জ্বালানি খাতে দুর্নীতির বড় সুযোগ সৃষ্টি হয়েছে। এ খাতে প্রতিযোগিতাবিহীন বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি বিইআরসির ক্ষমতা খর্ব করে মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে জ্বালানির মূল্য নির্ধারণের মাধ্যমে জনগণকে ন্যায্যমূল্যে জ্বালানি পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে সরকার। জ্বালানি নিরাপত্তার ঘাটতিতে জীবন বিপন্ন হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত সংলাপে বক্তারা এমন অভিমত জানিয়েছেন। গতকাল রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ক্যাব প্রস্তাবিত বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি ও কর্মপরিকল্পনা’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে দেশের বর্তমান জ্বালানি কাঠামোর দুর্বলতা তুলে ধরে তা সংশোধনের দাবি জানান বক্তারা।

ভোক্তা অধিকার নিয়ে কাজ করা জাতীয় সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম লিখিত বক্তব্যে বলেন, জ্বালানি নিরাপত্তার ঘাটতিতে জীবন বিপন্ন হওয়া কেবল সময়ের ব্যাপার মাত্র।

সংলাপে আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট-এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা,  বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহসভাপতি স্থপতি ইকবাল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দীন খান, ক্যাবের আইন উপদেষ্টা ব্যারিস্টার জোতির্ময় বড়ুয়া প্রমুখ।

সংলাপে সভাপতিত্ব করেন ক্যাবের সভাপতি গোলাম রহমান।