জর্জিয়ার বিদায়, শেষ আটে স্পেনকে পাচ্ছে জার্মানি

একবার বিশ্বকাপ ও তিনবারের ইউরো জয়ী স্পেনের কাছে পাত্তা পায়নি জর্জিয়া। প্র‍থমবার ইউরো খেলতে আসা দলটি বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। দুর্দান্ত খেলেই স্পেন ম্যাচ জিতে নিল ৪-১ গোলে, ওঠে গেল ইউরোর কোয়ার্টার ফাইনালে। 

তবে বিদায় নেওয়ার আগে জর্জিয়াও উপহার দিয়ে গেল মুগ্ধ হওয়ার মতো কিছু মুহূর্ত।

চিরাচরিত টিকি-টাকা থেকে সরে গিয়ে এবার ইউরোতে স্পেন খেলছে গতিময় দৃষ্টিনন্দন ফুটবল। মুগ্ধ করে যাচ্ছে ফুটবলপ্রেমীদের। সেই মুগ্ধতা থাকল জর্জিয়ার বিপক্ষে ম্যাচেও। যদিও কোলনে প্রথম গোলটা স্পেনই খেয়েছে। ১৮ মিনিটে রবিন লে নরমান্দের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর একে একে স্পেনের হয়ে চারটি গোল করেছেন রদ্রি, ফাবিয়ান রুইস, নিকো উইলিয়ামস ও দানি ওলমো।

গ্রুপ পর্বে তিন ম্যাচে কোনো গোল না খাওয়া স্পেনের নকআউট পর্বে শুরুটা হলো আত্মঘাতী গোল খেয়ে। তবে ওই গোলটাই, এর পরে আর জর্জিয়াকে খুব একটা সুযোগ দেয়নি স্পেন। উইলিয়ামসের কাটব্যাক থেকে রদ্রি সমতা ফেরান ম্যাচের ৩৯ মিনিটে। ৫১ মিনিটে ইয়ামালের ক্রস থেকে স্পেনকে এগিয়ে দেওয়া গোলটা করেন রুইস। ৭৫ মিনিটে স্পেনের পরের গোলটার পাস বাড়িয়েছেন রুইস নিজেই, এবার গোলদাতা উইলিয়ামস। আর ম্যাচের ৮৩ মিনিটে মিকেল ওইয়ারসাবালের পাস থেকে ৪-১ করেন দানি ওলমো। 

আগামী ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে স্পেন খেলবে স্বাগতিক জার্মানির বিপক্ষে।