বার্বাডোজে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বেরিল’, বিপাকে রোহিত শর্মারা

বার্বাডোজে ধেয়ে আসছে ‘বিপজ্জনক’ ঘূর্ণিঝড়। ‘বেরিল’ নামের এই দূর্যোগটিকে ক্যাটাগরি ফোরে অন্তর্ভূক্ত করা হয়েছে। তাতে আটকা পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটাররা। তাদেরকে দেশে ফেরাতে এখন বিসিসিআই নিচ্ছে বিকল্প ব্যবস্থা। তবে তারা নিশ্চিত নয়, সেটা কতটুকু কার্যকর হবে।

রবিবার বেরিলের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ১৩০ মাইল (প্রায় ২০৯ কিলোমিটার)। আটলান্টিকে চতুর্থ শ্রেণির ঘূর্ণিঝড়গুলোর মধ্যে এটিই বছরে সবচেয়ে দ্রুততম সময়ে এসেছে। এর আগে জুন মাসে কখনোই এমন ঘূর্ণিঝড় হয়নি বলেও জানিয়েছে এএফপি।

বিশ্বকাপের ফাইনালের রিজার্ভ ডে থাকার কারণে এমনিতেও রবিবার ব্রিজটাউনেই থাকার কথা ছিল ভারত দলের। টুর্নামেন্টের প্রাথমিক সূচি অনুযায়ী, সোমবার ব্রিজটাউন ত্যাগ করার কথা তাদের। ব্রিজটাউন থেকে নিউইয়র্ক, এরপর সেখান থেকে মুম্বাই ফিরে যাওয়ার কথা ছিল রোহিত শর্মাদের। কিন্তু আপাতত সে পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বার্বাডোজের বিমানবন্দর খোলা থাকবে কি না, প্রাথমিকভাবে সেদিকে তাকিয়ে ছিল বিসিসিআই। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, সে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের কারণে বাণিজ্যিক উড়োজাহাজের বদলে চার্টার ফ্লাইটে করে রোহিতদের ফেরানোর কথা ভাবছিল বিসিসিআই। সংবাদ সংস্থা পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, ‘ব্রিজটাউন থেকে নিউইয়র্ক এবং এরপর দুবাই হয়ে দলের ভারতে পৌঁছানোর কথা ছিল। তবে এখন এখান থেকে সরাসরি দিল্লিতে চার্টার ফ্লাইটে যাওয়ার পরিকল্পনা।’

তবে স্কোয়াডের খেলোয়াড়, তাদের পরিবারের সদস্য, কোচিং স্টাফ ও কর্মকর্তা মিলে প্রায় ৭০ জনের মতো আছেন। এত বড় বিমান বার্বাডোজে নেই। বিসিসিআই তাই যুক্তরাষ্ট্র থেকে অমন বিমান আনার কথা ভাবছিল। তবে স্বাভাবিকভাবেই সে পরিকল্পনা বাস্তবায়িত হতে বার্বাডোজের বিমানবন্দর সচল থাকতে হবে।