আদানি বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট উৎপাদন শুরু করেছে

ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের ১৬০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট উৎপাদনে এসেছে। সোমবার ভোর ৫টায় ইউনিটটি চালু হয়। এর আগে গত শুক্রবার কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।  

ঝাড়খণ্ডে নির্মিত এই কেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। কয়েক দিন থেকে কেন্দ্রটিতে আংশিক উৎপাদন হচ্ছিল। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সূত্রে জানা গেছে, ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে বাংলাদেশ প্রায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছিল। রক্ষণাবেক্ষণের জন্য ঈদের ছুটিতে কেন্দ্রের প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। এটি ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে। 

কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন অর্ধেকে নেমে এসেছিল। ধীরে ধীরে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়া চলছিল। কিন্তু শুক্রবার সকাল পৌনে ১০টায় উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।