বিরাট কোহলিদের মেন্টর হলেন কার্তিক

সবশেষ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলেছেন দিনেশ কার্তিক। গত ২৪ মে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন তিনি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখা গেছে ধারাভাষ্যকারের ভূমিকায়। তবে আবারও তিনি ফিরছেন মাঠে। তবে খেলোয়াড় নয়, নতুন ভূমিকায় ফিরছেন তিনি।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হলেন ফ্র্যাঞ্চাইজির সাবেক এই ক্রিকেটার।

আইপিএলের গত কয়েক আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলেছিলেন কার্তিক। ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার কয়েক মাসের মধ্যেই কার্তিককে নতুন দায়িত্ব দিয়ে ফিরিয়ে নিয়েছে বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

সোমবার নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর জানিয়েছে আরসিবি। তারা ওই পোস্টে লিখেছে, ‘আমাদের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে নতুন করে স্বাগত জানাচ্ছি। আরসিবিতে নতুন অবতারে ফিরে আসছেন তিনি। আরসিবির পুরুষ দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কাজ করবেন কার্তিক। ডিকেকে ক্রিকেট থেকে দূরে রাখা গেলেও ওর থেকে ক্রিকেটকে দূরে রাখা সম্ভব নয়। আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা থাকল।’

কার্তিক বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে মোট ২৫৭টি ম্যাচ খেলেছিলেন। ২৬.৩২ গড়ে করেছিলেন ৪৮৪২ রান। বেঙ্গালুরু, কলকাতা ছাড়াও কিংস ইলেভেন পাঞ্জাব, দিল্লি ডেয়ারডেভিলস, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। ভারতের হয়ে ২৬টি টেস্ট, ৯৪টি একদিনের ম্যাচ এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৯ বছর বয়সী সাবেক এই ক্রিকেটারের।