সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে ফেসবুক পেইজ ও আইডি খুলে বিভিন্ন এতিমখানা ও মাদরাসার নামে কোরআন শরীফ, কার্পেট চেয়ে প্রতারণার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
আজ সোমবার দুপুরে দিনাজপুর সদর সার্কেলের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।
এ সময় ডিবির ওসি সোহেল রানা উপস্থিত ছিলেন। এর আগে রবিবার সন্ধ্যায় শহরের যোগেনবাবুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত যুবক হলো শহরের বড়বন্দর এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে রবিউল ইসলাম রবি (২৫)।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন জানান, জেলা পুলিশের নামে ফেসবুক পেইজ খুলে এতিমখানা ও মাদরাসার নামে আর্থিক সহায়তা চেয়ে বিজ্ঞপ্তি দিলেন ওই যুবক। বিষয়টি দৃষ্টিগোচর হলে সাইবার ক্রাইম ইউনিট ও ডিবি টিম নজরদারিতে রাখেন। পরে আসামি সনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামির মোবাইল চেক করে জেলা পুলিশসহ বিভিন্ন নারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের নামে ১৫টি আইডি লগিং অবস্থায় পাওয়া যায়। দিনাজপুরের বিশিষ্ট জনসহ তাদের নামে আইডি খুলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অর্থ সংগ্রহ করে প্রতারণা করছেন। এর সাথে আরো কেউ জড়িত কি না সে বিষয়ে তদন্ত চলছে।