বরগুনার আমতলীতে স্বামী দ্বিতীয় বিয়ে করায় পুরুষাঙ্গ কেটে দিয়েছে প্রথম স্ত্রী। পুলিশ অভিযুক্ত প্রথম স্ত্রী নাসরিনকে (২২) আটক করেছে। ভুক্তভোগী স্বামী নাম জাহিদুল ঘরামী (২৮)।
স্থানীয় ও আমতলী থানা সুত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে ডালাচারা গ্রামের কালাম ঘরামীর ছেলে জাহিদুল ঘরামী পাশের মাদারবুনিয়া ইউনিয়নের গেরাখালী গ্রামের মজিবর রহমানের মেয়ে নাসরিনকে প্রেম করে বিয়ে করেন। তাদের রিফাত নামের ৯ মাসের একটি ছেলে সন্তান রয়েছে।
স্ত্রী নাসরিন বলেন, তার স্বামী জাহিদুল ঘরামী গোপনে কুকুয়া ইউনিয়নের চুনাখালী গ্রামে তানজিলা নামের একটি মেয়েকে বিয়ে করেন। দ্বিতীয় বিয়ে নিয়ে তাদের সংসারে অশান্তি বিরাজ করছিল। তাকে মারধর করতো তার স্বামী। স্বামীর অত্যাচার সইতে না পেরে গতকাল রবিবার রাত ১২টার দিকে স্বামী জাহিদুল ঘরামী ঘুমন্ত থাকা অবস্থায় দা দিয়ে পুরুষাঙ্গ কেটে বাথরুমে ফেলে দেনে।
জাহিদুল ঘরামীর ডাক চিৎকারে বাড়ির স্বজনরা প্রথমে বরিশাল শেবাচিম হাসাপাতালে নিয়ে যান। বরিশাল শেবাচিম হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাখওয়াত হোসেন তপু দেশ রূপান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে স্ত্রী নাসরিনকে আটক করা হয়েছে। পরবর্তী বিষয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।