কর্মবিরতিতে সেবা বিঘ্নিত হচ্ছে

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির কতিপয় কর্মকর্তা/কর্মচারী বিভিন্ন দাবি-দাওয়া উত্থাপন করে কর্মবিরতি পালন করায় গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম এবং গ্রাহকসেবা বিঘ্নিত হওয়া কোনোমতেই গ্রহণযোগ্য নয়। কর্মসূচি পালনের নামে অনেকে শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে লিপ্ত হচ্ছেন। এতে সরকারের ভাবমূর্তিও চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।

ইতিমধ্যেই পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীদের চাকরি সংক্রান্ত বিষয়াবলি নিয়ে একটি মতবিনিময় সভা বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব (রুটিন দায়িত্ব)-এর সভাপতিত্বে বাপবিবোর্ডের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। পল্লী বিদ্যুৎ সমিতি থেকে আগত কর্মকর্তা/কর্মচারীরা তাদের বেতন-ভাতা সংক্রান্ত বৈষম্য, চুক্তিভিত্তিক থেকে নিয়মিতকরণ সংক্রান্ত বক্তব্য উপস্থাপন করেন। এই নিয়ে আগামী শুক্রবার বিকেলে পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের কর্মকর্তা/কর্মচারীর সঙ্গে পুনরায় সামগ্রিক পরিস্থিতির  ওপর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি