বিএনপির চোখের ঘুম হারাম হয়ে গেছে : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির চোখে ঘুম নেই, দলটির চোখের ঘুম হারাম হয়ে গেছে। ফখরুলের চোখে অশান্তির আগুন। লন্ডন থেকে ফরমান আসে। ইন আর আউট।’ গতকাল সোমবার তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে কখন? তারা নিজেরা নিজেদেরকে বিশ্বাস করে না। কেউ কাউকে পছন্দ করে না, বলে সরকারের এজেন্ট। একেকজন আরেকজনকে বলে সরকারের এজেন্ট। তাদের আন্দোলন ভুয়া।’

বিএনপি এক দফা কোথায় গেল প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘গেল রে  গেল, সব নাকি ইন্ডিয়া হয়ে গেল। গেল রে গেল, স্বাধীনতা গেল, গেল রে  গেল সার্বভৌমত্ব গেল। কোথায় গেল? তিপ্পান্ন বছর আমরা স্বাধীনতা নিয়ে টিকে আছি। কোথায় যাব? ভারত আমাদের বন্ধু।

বিএনপি ভারতের দাসত্ব চেয়েছিল মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন,  ‘মনে আছে, নরেন্দ্র  মোদি যখন ক্ষমতায় আসে প্রথম দিন সকাল বেলায় ঘুম থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাইকমিশনের সামনে হাজির। হাই কমিশন বন্ধ, মিষ্টি আর ফুল নিয়ে হাজির। এই হচ্ছে বিএনপি।’  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এরা ভারত বিরোধিতা করে কিন্তু ভারতের কাছে ওয়াশিংটনের ইচ্ছায় গ্যাস বিক্রি করার অঙ্গীকার করে ২০০১ সালে ক্ষমতায় এসেছে।’

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ২৫ বছরের মৈত্রী চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছেন বলেই আজকে ৬৮ বছরের সীমান্ত সমস্যার সমাধান হয়, আরেকটা বাংলাদেশের সমান সমুদ্র সীমা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছি, শান্তিপূর্ণভানে সিটমহল বিনিময় হয়েছে।’