সাভারের মজিদপুর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইলসহ অর্ধকোটি টাকার মালামাল লুট করে। এ ছাড়া ডাকাতরা যাওয়ার সময় ওই বাড়ির মালিকের একটি প্রাইভেট কার নিয়ে পালিয়ে যায়। গতকাল সোমবার দুপুরে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন ওই বাড়ির মালিক ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম।
বাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন, গত রবিবার রাত আড়াইটার দিকে বাড়ির পেছনের বারান্দার গ্রিল কেটে পাঁচ থেকে ছয় ডাকাত বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে চোখসহ হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরের আলমারি ভেঙে ২০ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে।